দুর্গাপূজায় সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার আগেই সম্পন্ন করতে হবে—এ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই এবং সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। প্রতিটি মণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে এবং পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে।
তিনি আরও জানান, পূজার সময় আশপাশের মেলায় মদ ও গাজার আসর বসানো যাবে না। ঢাকায় প্রতিমা বিসর্জনের সময় লাইন ধরে ধারাবাহিকভাবে বিসর্জন দিতে হবে, যাতে বিশৃঙ্খলা না ঘটে। সীমান্ত এলাকায় বিজিবি এবং অন্যান্য স্থানে আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও নাশকতা রোধে সরকার ১৮ দফা নিরাপত্তা নির্দেশনা প্রস্তুত করেছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে পূজামণ্ডপে দৃশ্যমান টহল, গোয়েন্দা নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, নারী দর্শনার্থীদের নিরাপত্তা, আতশবাজি নিষিদ্ধকরণ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা এবং দুর্গম রাস্তা সাময়িকভাবে মেরামতের ব্যবস্থা নেওয়া।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনাগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য পাঠানো হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের সঙ্গে পূজা উদযাপন কমিটিগুলোর সমন্বয় নিশ্চিত করতে বলা হয়েছে। পূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর হয়—সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।



