ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “পৃথিবীর কোনো শক্তি এই ভোট ঠেকাতে পারবে না—সেই প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।”
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এই বৈঠককে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।



