নির্বাচন নিয়ে ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপকে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে রোববার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় বলে ধারণা করা হচ্ছে।



