ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২২ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগে রোগী ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রতিমাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল মাসে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন এবং আগস্টে এখন পর্যন্ত ১০,৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১১ জন। ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয়েছিল।
এই পরিস্থিতিতে জনসচেতনতা, মশা নিয়ন্ত্রণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থাকতে হবে।



