রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে দলটির নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচির অংশ হিসেবে তারা কার্যালয়ের গেটে তালা লাগিয়ে ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। ফলে নির্বাচন কমিশন নির্ধারিত দিনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা “রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি”, “প্রথম বর্ষের ভোটাধিকার দিতে হবে”—এমন নানা স্লোগান দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাকসুর ফি দিয়েছে, কিন্তু ভোটার হতে পারছে না। আমরা দীর্ঘদিন ধরে এই বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদলের কর্মসূচি যৌক্তিক, আমরা তাদের পাশে আছি।”
উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন ছিল আজ। ছাত্রদলের কর্মসূচির কারণে তা স্থগিত হয়ে যায়। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও দাবিদাওয়ার চাপ।



