ঢাকা অঞ্চলের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শুরু করল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা অঞ্চলের খসড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে এ শুনানি চলছে।
ইসির তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলের ২৮টি আসন নিয়ে তিন শতাধিক দাবি-আপত্তি আবেদন জমা পড়েছে। এর মধ্যে অনেক আবেদন একই ধরনের হওয়ায় পক্ষে-বিপক্ষে একজন করে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার এবং ইসি সচিব উপস্থিত আছেন।
আজকের শুনানিতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ-১, ২, ৩; গাজীপুর-১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫ এবং নারায়ণগঞ্জ-৩, ৪, ৫ আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।
আগামীকাল (২৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল সেশনে পঞ্চগড়-১, ২; রংপুর-১; কুড়িগ্রাম-৪; সিরাজগঞ্জ-২, ৫, ৬; পাবনা-১ আসন এবং বিকেল সেশনে টাঙ্গাইল-৬; জামালপুর-২; কিশোরগঞ্জ-১; সিলেট-১; ফরিদপুর-১, ৪; মাদারীপুর-২, ৩ এবং শরীয়তপুর-২, ৩ আসনের শুনানি হবে।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ প্রকাশ করে ইসি। এতে ভোটার সংখ্যা সমতা আনার লক্ষ্যে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব দেওয়া হয়।
১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি আবেদন জমা পড়ে। ২৭ আগস্ট পর্যন্ত সব শুনানি শেষে দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।



