Logo
Logo
×

জাতীয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন, নতুন সরকারে কোনো দায়িত্বে থাকবেন না ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, নতুন সরকারে কোনো দায়িত্বে থাকবেন না ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন এবং পরবর্তী সরকারে কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকবেন না।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেসেরেট নিউজ-এ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত ‘A Message from the Leader of Bangladesh: Gen Z Can Save the World’ শীর্ষক নিবন্ধে তিনি এ ঘোষণা দেন।

নিবন্ধে ড. ইউনূস লেখেন, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অন্ধকার অধ্যায়ের অবসান ঘটায়। শান্তিপূর্ণ আন্দোলনের মুখে স্বৈরশাসক পালিয়ে গেলে ক্ষমতার শূন্যতা তৈরি হয় এবং ছাত্রনেতাদের অনুরোধে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন।

২০২৪ সালের ৮ আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত মন্ত্রিসভার সঙ্গে শপথ নেন তিনি। কোটা সংস্কারের সাধারণ দাবিতে শুরু হওয়া এ আন্দোলন বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের জন্ম দেয়, যা যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈষম্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকার মডেল হয়ে উঠেছে।

ড. ইউনূস লেখেন, আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল নিহত ও আহতদের পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধার করা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনুমান করেছে, গত ১৫ বছরে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো নতুন শক্তি ও ধারণা নিয়ে এগিয়ে এসেছে, আর সশস্ত্র বাহিনী গণহত্যার আহ্বানের মুখে সংযম দেখিয়ে পেশাদারিত্ব বজায় রেখেছে।

আগামী নির্বাচনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেই প্রতিশ্রুতিবদ্ধ। সব রাজনৈতিক দল যেন ভোটারদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ, তবে আমরা তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন