ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। রবিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান উপদেষ্টা এর আগে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠানো হয়েছে।
সিইসি জানিয়েছেন, ভোটের প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন শিগগিরই ভোটের রোডম্যাপ প্রকাশ করবে বলেও জানিয়েছে।
এমন প্রেক্ষাপটে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি জানতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকের আগে নজরুল ইসলাম খান বলেন, “আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছি। সিইসি সময় দিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করব।”



