ছবি : সংগৃহীত
সরকারি সফরে কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাতে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। কর্মশালার সময়ই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
তার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা জানান, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”
এর আগে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, ফুড পয়জনিংয়ের কারণে ফারুকীর ডিহাইড্রেশন হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার কিছু পর শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে তাকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।



