ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৯:১২ পিএম
ছবি : সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রামে ৫৮ জন, ঢাকার বাইরের এলাকায় ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহীতে ৫২ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।



