Logo
Logo
×

জাতীয়

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রস্তুত ইসি, চ্যালেঞ্জে দৃঢ় অবস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:২৯ পিএম

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রস্তুত ইসি, চ্যালেঞ্জে দৃঢ় অবস্থান

ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে, যদিও সামনে রয়েছে নানা ধরনের চ্যালেঞ্জ। বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছে কমিশন। চিঠি পাওয়ার পর কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে দুই মাস আগে তফসিল ঘোষণা করবে। তবে চিঠি না পেলেও ইসি আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। সিইসি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কাজ চলছে। তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল যেন “ফাউল করার নিয়ত” নিয়ে মাঠে না নামে।

সিইসি আরও বলেন, আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর অপব্যবহার রোধ করাও একটি বড় চ্যালেঞ্জ হবে। প্রযুক্তির অপব্যবহার যেন ভোটের পরিবেশকে বিঘ্নিত না করে, সে বিষয়ে কমিশন সতর্ক রয়েছে। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাও কমিশনের অগ্রাধিকার।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি জানান, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং তাদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচার শেষে আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি নিশ্চিত করেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে।” নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন