ছবি : সংগৃহীত
ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৭২ জন, চট্টগ্রামে ৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনাতে ১৮ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন রয়েছেন।
গত এক দিনে ছাড়পত্র পেয়েছেন ৩০৩ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ১৯ হাজার ৬৩৫ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২০ হাজার ৯৮০ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৩ জনের।
পূর্বতন বছরের তুলনায় চলমান বছরেও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে আরও ভয়াবহ চিত্র দেখা যায়—আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ এবং মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭০৫।



