গাজীপুরে আসন বাড়ানোর প্রস্তাব, বাগেরহাটে কমানোর পরিকল্পনা নির্বাচন কমিশনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের কারিগরি কমিটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সবচেয়ে বেশি ভোটার গাজীপুর জেলায় থাকায় সেখানে একটি অতিরিক্ত আসন অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। অপরদিকে, সবচেয়ে কম ভোটারসংখ্যার জেলা বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, সীমানা পুনঃনির্ধারণ আইন ২০২১ অনুযায়ী ভোটার সংখ্যা, প্রশাসনিক কাঠামো এবং ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় আসন পুনর্বিন্যাস করতে হবে। আইন অনুসারে ও ২০২২ সালের আদমশুমারির তথ্য পর্যালোচনার পর দেখা যায়, গাজীপুর জেলায় ভোটারের সংখ্যা গড় মান ৪ লাখ ২০ হাজারের ওপরে, অন্যদিকে বাগেরহাট জেলায় এই সংখ্যা অনেক নিচে।
কমিটির সুপারিশ অনুযায়ী, গাজীপুরে একটি নতুন আসন অন্তর্ভুক্ত করলে সেটি গড় ভোটার সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। একইভাবে, বাগেরহাট থেকে একটি আসন বাদ দিলে সামগ্রিক গড় মানের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ৬৪টি জেলার হালনাগাদ ভোটার তালিকা পর্যালোচনা করে গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যা প্রস্তাবনার ভিত্তি হিসেবে কাজ করেছে।



