Logo
Logo
×

জাতীয়

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টাশিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা।

ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে বলেন, ‘মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই তাঁদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিচ্ছেন।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রতিটি গেটে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ফটকে এসেছে। যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও সচিবালয়ের সামনে এসেছেন শিক্ষার্থীরা।

সচিবালয়ের গেটগুলো বন্ধ করে দেওয়ায় ভেতরে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টার মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য জানান। এরপর আজ সকাল সোয়া সাতটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও পরীক্ষা স্থগিতের তথ্য জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন