উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় ড. ইউনূস বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের অপূরণীয় ক্ষতির ঘটনায় আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”
প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন, এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এছাড়া, দুর্ঘটনার কারণ নিরূপণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সকল ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।



