নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, প্রস্তুত থাকতে হবে অংশগ্রহণকারী দলগুলোকেও: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ তৈরির দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযোগের রাজনীতি না করে, দলগুলোর উচিত মাঠে প্রস্তুতি নেওয়া। সরকার ও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে যাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দল—সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন পুলিং ও প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ করে, প্রশাসন থেকে আসে রিটার্নিং অফিসার, আর আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখছি। তবে মূল প্রস্তুতি প্রয়োজন যারা নির্বাচন করবে, তাদের।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ থেকে ছয় মাস সময় হাতে রয়েছে এবং প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় তিনি মব সহিংসতা প্রসঙ্গে বলেন, “অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সম্প্রতি কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে। আমরা এসব বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি।”



