ছবি : সংগৃহীত
চলতি বছরের মধ্যে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩০ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১৪৯ জন বরিশাল বিভাগের বাসিন্দা। তবে আশার বিষয়, এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশালে ১৪৯ জন, চট্টগ্রামে ৫৭, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬১, ঢাকা উত্তরে ৪২ এবং দক্ষিণে ৪৫ জন, রাজশাহীতে ৫৪ ও খুলনায় ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৩৫৮ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪২ জনের।



