Logo
Logo
×

জাতীয়

দেশের সব সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম

দেশের সব সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA)-এর ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এখনো প্রতিবেশী দেশের তুলনায় অনেক পিছিয়ে। ভারতে যেখানে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ ও শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আসে, সেখানে বাংলাদেশে এ হার মাত্র ৫.৬ শতাংশ।

বর্তমান নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৫২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়া চলছে, তবে বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

এই বাস্তবতা মাথায় রেখে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সরকারি ভবনের ছাদ বেসরকারি উদ্যোগের জন্য ব্যবহার উপযোগী করা যায় কি না তা বিবেচনায় নেওয়া হোক। বিনিয়োগকারীরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে, আর সরকার শুধুমাত্র ছাদ বরাদ্দ দেবে।”

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে এরই মধ্যে রুফটপ সোলার স্থাপন করা হয়েছে, তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সমস্যা চিহ্নিত এবং সমাধানের পদক্ষেপ নিতে হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল পরিশোধে ছাড় পাবে এবং ছাদের বিনিময়ে ভাড়াও পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন