গৌরবময় পথচলার ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে এটিএন বাংলা
যুগের চিন্তা ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম
অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা তার গৌরবময় পথচলার ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করেছে। আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে চ্যানেলটির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কেক কেটে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশে গণতন্ত্রের পক্ষে অবিচল ভূমিকা রাখায় তারা এটিএন বাংলা পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পরিচালক নেসার আহমেদ, হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বর্তমানে বাংলাদেশে রাজনীতি ও গণতন্ত্রের সুবাতাস বইছে। দীর্ঘ পথযাত্রায় এটিএন বাংলা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করেছে, তা প্রশংসনীয়। আমি আশা করি, দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এটিএন বাংলা তার সাহসী ভূমিকা আগের মতোই অক্ষুণ্ণ রাখবে।"
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে বলেন, "এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রাপথে দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আধুনিক গণমাধ্যমের যুগে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুগের সেই সব চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করে এটিএন বাংলা আগামীতেও আরও অনেক দূর এগিয়ে যাবে।"
অনুষ্ঠানে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ শুভেচ্ছা বক্তব্যে বলেন, "শত প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে ভূমিকা রাখতে এটিএন বাংলা কখনোই আপোষ করেনি। ভবিষ্যতেও আমাদের এই সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে।"
দিনভর বর্ণিল এই আয়োজনে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক ও দর্শক শুভানুধ্যায়ীরা চ্যানেলটির কার্যালয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



