Logo
Logo
×

আইন-আদালত

ফের ৩ দিনের রিমান্ডে তাহসিফের বান্ধবী দিশা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

ফের ৩ দিনের রিমান্ডে তাহসিফের বান্ধবী দিশা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, ওই রিমান্ডে তিনি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। এ কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন উল্লেখ করেন, প্রথম দফার জিজ্ঞাসাবাদে দিশা ঘটনার আগে তাহসিফ সাউরির সঙ্গে বিভিন্ন স্থানে অবস্থান, একসঙ্গে খাবার গ্রহণ এবং মোটরসাইকেলে ঘোরাঘুরি করার বিষয়ে তথ্য দিয়েছেন।

আবেদনে আরও বলা হয়, তদন্তের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে, যা এখনই প্রকাশ করা যাচ্ছে না। একই সঙ্গে মামলার আরেক সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তার দাবি।

রিমান্ড আবেদনে তদন্তের স্বার্থে সাতটি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে ঘটনার দিন উভয়ের মধ্যে কোনো কথাকাটাকাটি বা সম্পর্কগত টানাপোড়েন ছিল কি না তা যাচাই, মামলার মূল রহস্য উদঘাটন, সম্ভাব্য অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং দিশা ও দীপের বক্তব্য ক্রস-চেক করা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

পরে মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে জেরিকা তাসনিম দিশাকে গত ৩১ অক্টোবর গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার আরেক সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আলামত বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন