Logo
Logo
×

আইন-আদালত

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে শুরু

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে শুরু

আলোচিত নারায়ণগঞ্জ সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ তিন মামলার আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক।

রোববার (১৮ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি আগামী ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি ১ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, এসব মামলার প্রভাব শুধু ভুক্তভোগী পরিবারগুলোর ওপর সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের ওপরও পড়েছে। বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এসব মামলার দ্রুত নিষ্পত্তি এবং রায় কার্যকরের বিষয়ে সাধারণ মানুষের উচ্চ প্রত্যাশা রয়েছে। সে কারণেই রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মামলাগুলো দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাধারণত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলকারী পক্ষের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার কথা থাকলেও রাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ আছে। মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে শুনানির জন্য অগ্রাধিকারভিত্তিতে আবেদন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত তারিখেই শুনানি শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি গবেষণা ও মামলার প্রস্তুতির দায়িত্ব সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের দেওয়া হবে বলে জানান তিনি।

সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহরণের পর হত্যা হন। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ২০১৭ সালে জেলা ও দায়রা জজ আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেন। রায়ের বিরুদ্ধে দণ্ডিতরা আপিল করেছেন।

অ্যাটর্নি জেনারেল জানান, এ মামলায় বিভিন্ন আসামির করা ২১টি আপিল এবং ১৬টি ক্রিমিনাল পিটিশন শুনানির জন্য একসঙ্গে উপস্থাপন করা হয়েছে।

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ২০২১ সালে নিম্ন আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২৫ সালে হাইকোর্ট সেই রায় বহাল রাখেন। এ মামলায় দণ্ডিতদের করা ১৪টি আপিলও আদালতের নজরে আনা হয়েছে।

সিনহা হত্যা মামলার আপিলও ডিসেম্বরে

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় ২০২২ সালে সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়। ২০২৫ সালে হাইকোর্ট এ রায় বহাল রাখেন। পরে দণ্ডিতরা আপিল করেন।

বিচারক সংকটের কথাও তুলে ধরলেন অ্যাটর্নি জেনারেল

আলোচিত মামলাগুলোর শুনানি অগ্রাধিকার দেওয়ায় অন্য মামলার বিচারপ্রক্রিয়ায় প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে রুহুল কুদ্দুস কাজল বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যেন শাস্তি পায় এবং নিরপরাধ কেউ যেন দণ্ডিত না হয়, সে বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিচারক সংকট, বিপুল মামলার জট এবং আদালতের ব্যস্ততার কারণে সব মামলার শুনানি দ্রুত সম্পন্ন করা কঠিন। তবে ভুক্তভোগী পরিবারগুলোর প্রত্যাশা এবং জনস্বার্থ বিবেচনায় আলোচিত মামলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলাটিও দ্রুত শুনানির জন্য আদালতের সামনে উপস্থাপনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন