আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চার্জশিট অনুমোদন
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান। তিনি জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, সাবেক আইনমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন তিনি।
তদন্তে উঠে আসে, আনিসুল হকের নামে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৩টি ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের তদন্তে আরও দেখা যায়, তিনি তার ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হক, ভাগ্নে শেখ মো. ইফতেখারুল ইসলাম এবং কথিত কাজিন মোহাম্মদ ইকবালকে ব্যবহার করে সম্পদ অর্জন ও পরিচালনা করেছেন। এ তিনজনের সহায়তায় মোট ৮৪ কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



