Logo
Logo
×

আইন-আদালত

২৫১ জন গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত হচ্ছে: চিফ প্রসিকিউটর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

২৫১ জন গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত হচ্ছে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে সংঘটিত ২৫১ জন গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা একে একে জবানবন্দি দিচ্ছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব গুমের ঘটনা ‘ওয়াইডস্প্রেড ও সিস্টেম্যাটিক অ্যাটাক’ হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ, ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক মিল রয়েছে এবং একই ধরনের ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত শুরু হওয়ার পর কিছু অপরাধীর তৎপরতা বেড়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা অত্যন্ত শক্তিশালী ও দুষ্কৃতকারী। তাই তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সতর্ক রয়েছে এবং ভুক্তভোগী পরিবারগুলোকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আমিনুল ইসলাম জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন কার্যকর হলে গুমের বিচার আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন