পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিল দুদক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর নামে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শেষে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন— এমএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মমিনুর রহমান, মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মোতালেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওছার হোসেন।
দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র জানায়, অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে মামলার এজাহার দায়ের করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।



