শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে ভারতের সঙ্গে: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমে আদালতের অনুমতির প্রসঙ্গ উল্লেখ করা হলেও, তিনি বলেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা কোন স্ট্যাটাসে অবস্থান করছেন— সে বিষয়ে বাংলাদেশ স্পষ্টভাবে জানে না।
সালাহউদ্দিন আহমেদের মেঘালয়ে অবস্থান এবং শেখ হাসিনার বিষয়টির মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, সালাহউদ্দিনকে ২০১৫ সালে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে নেওয়া হয়েছিল। পরে শিলংয়ে তাকে পাওয়া যায় এবং মামলায় খালাস পাওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।
এ ছাড়া জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে এবং ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



