১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন।
চলতি বছরের ৯ জানুয়ারি এক্সিম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। এতে পাঁচটি কোম্পানির নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ঋণের টাকা পরিশোধ না করায় বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি জমা দিলে একই দিন ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে ফেরত দেয় ব্যাংক।
পরে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন আহমেদ শায়ান ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সালেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান।
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। গত ৭ মে এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও দুর্নীতির অভিযোগে আরও একাধিক মামলা চলমান রয়েছে।



