নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি- সংগৃহীত
চব্বিশের গণআন্দোলনে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। তিনি মামলার তিনটি অভিযোগ তুলে ধরে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের প্রসঙ্গও সামনে আনা হয়।
প্রসিকিউশন দাবি করেছে, তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা মামলাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না বলে যুক্তি দেন এবং আসামিদের অব্যাহতির আবেদন করেন।
মামলার আসামিদের মধ্যে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন রয়েছেন। এর মধ্যে চারজন গ্রেপ্তার হয়ে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতায় মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।



