হাদি হত্যা মামলার দুই আসামি ১৪ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালত।
রোববার (৮ মার্চ) উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন। তবে বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে শনিবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা আবারও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন। দীর্ঘদিন বনগাঁ এলাকায় আত্মগোপনে থাকার পর সুযোগ বুঝে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এসটিএফ দাবি করেছে, জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর হাদি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করেন। সর্বশেষ তাদের অবস্থান ছিল বনগাঁয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আরও তথ্য সংগ্রহের জন্যই আদালতে পুলিশ রিমান্ড আবেদন করা হয়। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে মেঘালয় পুলিশ ফয়সালকে সীমান্ত পার হতে সহযোগিতা করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে শনাক্ত করেছিল, যদিও পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ মামলায় ইতোমধ্যে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



