জুলাই সনদ বাতিল চেয়ে রিটের শুনানি ১ মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
জুলাই জাতীয় সনদ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য ১ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারাপতি মো. জিয়াউল হকের এ দিন ধার্য করেন।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। আজ বুধবার রিটটি শুনানির জন্য কার্যতালিকার ১৪৫ নম্বর ক্রমিকে ছিল। তবে কার্যতালিকা অনুযায়ী শুনানির জন্য ডাকা হলেও উপস্থিত ছিলেন না রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন খান সময় আবেদন করেন। পরে আদালত আগামী রোববার দিন ধার্য করেন।
রিটে জুলাই জাতীয় সনদ-২০২৫ কেন অসাংবিধানিক, অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— এই মর্মে রুল চাওয়া হয়।
রিটে বলা হয়, অর্র্ন্তবতী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ-২০২৫ এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদ বিরোধী।



