আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলাম–এর নিয়োগ সংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এ তিনি প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।
নির্বাচনের আগে তার নেতৃত্বে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২–এ এসব মামলার বিচার চলছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার রায় অপেক্ষমাণ। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলমান। এসব মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক এমপি-মন্ত্রী আসামি হিসেবে বিচারের মুখোমুখি হয়েছেন।



