রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল রিট দায়ের করেন। এর আগে তিনি গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চলে আসছে। স্কুল খোলা থাকলে কোমলমতি শিক্ষার্থীরা রোজা পালনে সমস্যায় পড়তে পারে এবং শহরে যানজট বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করায় রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ আপাতত কার্যকর থাকছে না।



