Logo
Logo
×

আইন-আদালত

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ প্রক্রিয়া শুরু হয়।

শুনানির শুরুতে কারাগারে থাকা আলোচিত আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসকে নিরাপত্তার কারণে আদালতে হাজির করা হয়নি। তাকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়। আদালতের এজলাসে স্থাপিত এলইডি মনিটর ও অডিও সিস্টেমের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা হয়। অন্য আসামিদের কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

মামলার প্রথম সাক্ষী হিসেবে নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে জবানবন্দি দেন। তার সাক্ষ্যের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়। তবে জবানবন্দি শেষে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জেরা করার জন্য সময়ের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সারা দেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রত্যাশা করছে। বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করে বিচার দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা দুঃখজনক।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আদালতের আশপাশে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে খলিফা পট্টি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

পরে ২৯ নভেম্বর নিহত আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। একই দিন আলিফের ভাই ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করেন। এর আগে পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারটি মামলা হয়, যার মধ্যে তিনটি পুলিশ বাদী হয়ে দায়ের করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন