Logo
Logo
×

আইন-আদালত

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত আছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়। বাকি অংশের সাক্ষ্য আজ রেকর্ড করা হচ্ছে। এরপর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এ মামলায় ইতোমধ্যে ১৮ কার্যদিবসে ৪৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে ২ সেপ্টেম্বর সাক্ষ্য দেন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে বলে জানান এবং এজন্য ক্ষমা চান।

এ ছাড়া দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য ও জেরা কার্যক্রমও কয়েক দফা চলে, যা ১৭ সেপ্টেম্বর শেষ হয়। প্রসিকিউশনের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হলেই এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত ঘোষণা করা হবে।

গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা সংখ্যা ৮ হাজার ৭৪৭। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন