আশুলিয়ায় ৭ লাশ পোড়ানোর মামলা
সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
আশুলিয়ায় জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আজ (রবিবার, ১৪ সেপ্টেম্বর) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এর আগে, গত ২১ আগস্ট ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিনই আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হয় এবং উপস্থিত আট আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় সাতজন নিজেদের নির্দোষ দাবি করলেও এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে লিখিত আবেদন জমা দেওয়ায় তাকে রাজসাক্ষী হিসেবে অনুমোদন দেওয়া হয়।
প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত থাকবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ অন্যান্যরা। অপরদিকে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত থাকবেন।
গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক এএসপি (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই আবজাল এবং কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতার ও আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠা তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ দাখিল করেছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এসময় একজন জীবিত ছিলেন; তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। নৃশংস এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।



