Logo
Logo
×

আইন-আদালত

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বৈধতা নিয়ে হাইকোর্টে রায় ঘোষণা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বৈধতা নিয়ে হাইকোর্টে রায় ঘোষণা শুরু

ফাইল ফটো

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়।

গত ১৩ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। ওইদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে গত ২৩ এপ্রিল সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে চূড়ান্ত শুনানি শুরু হয়। মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২০ এপ্রিল নতুন বেঞ্চ গঠন করেন।

উল্লেখ্য, মামলাটি প্রথমে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির অপেক্ষায় ছিল। তবে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় বেঞ্চটি ভেঙে যায়। এরপর রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির নতুন বেঞ্চ গঠনের আবেদন করেন।

২০২৩ সালের ২৫ আগস্ট তিনি ১০ জন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন। এতে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চান। হাইকোর্ট রুল জারি করে জানতে চায়— বিদ্যমান ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

বর্তমান সংবিধানে বলা হয়েছে, অধস্তন আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি, ছুটি ও শৃঙ্খলা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানে এসব দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের ওপর। এ পরিবর্তনের ফলে নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন