একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের শুনানি চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১১:০৬ এএম
তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা।
এর আগে গত ৩১ জুলাই এ মামলার আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে জানায়, মামলার বিচার আইনগতভাবে টেকসই ছিল না। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ১ জুন আপিলের অনুমতি দেয়।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত ওই মামলায় বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে হাইকোর্ট গত জানুয়ারিতে সব আসামিকে খালাস দেন। বর্তমানে সেই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে।



