ছবি-যুগের চিন্তা
বগুড়ায় পুলিশের পোশাক পরে ঘোরাফেরা করার সময় রিপন ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের চারমাথা গোদারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন ইসলাম পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে। তবে তিনি কী করেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া উপশহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহাগ মিয়া।
এসআই সোহাগ ফকির জানান, বিকেলের দিকে রিপন পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পরে বাজারে ঘোরাঘুরি করছিলেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, রিপন রেলওয়ে পুলিশের কনস্টেবল আ.কুদ্দুসের নামে নামপ্লেটসহ ইউনিফর্ম পরেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, গ্রেপ্তার রিপনের দাবি,তিনি চারমাথা ফ্লাইওভারের নিচে পোশাকটি পেয়েছিলেন এবং ‘শখ করে’তা পরেছিলেন।



