৫১তম বিশেষ বিসিএসে চিকিৎসক ক্যাডারের ৫ হাজার পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দেওয়ার পর এ সংখ্যা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান আবেদনকারীর এ সংখ্যা নিশ্চিত করেছেন।
পিএসসি সূত্র জানায়, অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী সফলভাবে আবেদন ফি জমা দিয়েছেন, তাদের আবেদন চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৩৫ জনে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি পূরণ এবং স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যেই এ বিশেষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে দ্রুত এ বিসিএসের আয়োজন করে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।
প্রার্থীদের দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে এ বিশেষ বিসিএসে দীর্ঘ লিখিত পরীক্ষার ব্যবস্থা রাখা হয়নি। বাছাইপ্রক্রিয়ায় ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে। পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত চিকিৎসকদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।



