নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’ সার্ভিসে নতুন করে নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। অস্থায়ী ভিত্তিতে নিয়োগের আগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সংস্থাটি।
বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা বাস সার্ভিস (পিংক বাস)-এর জন্য অস্থায়ী ভিত্তিতে কিছুসংখ্যক নারী চালক নিয়োগ করা হবে। এ জন্য আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীদের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সশরীরে প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় (গাড়ি চালনা) অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট। পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ হয়েছে, তারাও আবেদনের সুযোগ পাবেন।
প্রাথমিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে বলা হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সাত দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে চালকদের থাকা ও খাওয়ার ব্যয় বহন করবে বিআরটিসি। প্রশিক্ষণ শেষে ‘রোড পারফরম্যান্স টেস্টে’ উত্তীর্ণ হলে সংস্থাটির প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা পাওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বিআরটিসির স্থায়ীচালক পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে এসব নারী চালক অগ্রাধিকার পাবেন।
প্রসঙ্গত, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ বা পিংক বাস চালু হয়। শুরুতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে ১৩টি রুটে ১৪টি বাস চালু করা হয়। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি, বগুড়ায় দুটি রুটে দুটি এবং চট্টগ্রামে একটি রুটে দুটি বাস রয়েছে।
বিআরটিসি জানিয়েছে, ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানো হবে। ২০০টি ইলেকট্রিক বাস (ই-বাস) আনার পরিকল্পনার মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে রাখার কথা বলা হয়েছে। দেশের অন্যান্য বিভাগেও পর্যায়ক্রমে নারী বাস সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এরই মধ্যে পিংক বাস সার্ভিসের জন্য নতুন নারী চালক নিয়োগের এই উদ্যোগকে সেবাটি সম্প্রসারণের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। বিআরটিসির বিজ্ঞপ্তিতে অবশ্য নির্দিষ্ট করে কতজন নারী চালক নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।
বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ম্যানেজার (ট্রেনিং) এ বিষয়ে প্রয়োজনে যোগাযোগের জন্য ০১৬১৯-৪৫৭ ২৪৫ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করতে বলেছেন।



