৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
৪৪তম বিসিএসে নির্বাচিত ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়নকৃত কার্যালয়ে যোগদান করতে হবে। ভিন্ন কোনো নির্দেশনা না থাকলে ওই তারিখেই সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী এ নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
এর আগে গত বছরের ৩০ জুন পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। তখন ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।



