Logo
Logo
×

ফিচার

আজ বিশ্ব রেঞ্জার দিবস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

আজ বিশ্ব রেঞ্জার দিবস

বিশ্বজুড়ে শুক্রবার (৩১ জুলাই) পালিত হচ্ছে বিশ্ব রেঞ্জার দিবস। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করা রেঞ্জারদের অবদানকে সম্মান জানাতে এবং দায়িত্ব পালনকালে নিহত ও আহত রেঞ্জারদের স্মরণে প্রতিবছর এ দিবস পালন করা হয়।

বিশ্ব রেঞ্জার দিবসের সূচনা হয় ২০০৭ সালে। আন্তর্জাতিক রেঞ্জার ফেডারেশন (International Ranger Federation-IRF) এবং দ্য থিন গ্রিন লাইন ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি, স্মরণানুষ্ঠান এবং বন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণবিষয়ক নানা কার্যক্রম আয়োজন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বন্যপ্রাণী পাচার এবং অবৈধ শিকারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় রেঞ্জারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু বন ও বন্যপ্রাণী রক্ষা করেন না, বরং জীব-বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দুর্গম বনাঞ্চলে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে চলেছেন।

বাংলাদেশেও বন বিভাগের রেঞ্জাররা সুন্দরবন, পার্বত্য বনাঞ্চল, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন এলাকায় বনসম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রয়েল বেঙ্গল টাইগার, হাতি, হরিণ, কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণী রক্ষা, বনভূমিতে টহল জোরদার, অবৈধ দখল ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে তাদের অবদান উল্লেখযোগ্য।

পরিবেশবিদরা বলেন, রেঞ্জারদের নিরাপত্তা, আধুনিক প্রশিক্ষণ, পর্যাপ্ত সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হলে বন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণও জরুরি।

বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে পরিবেশ ও বন সংরক্ষণে নিয়োজিত সকল রেঞ্জারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রকৃতি ও জীব-বৈচিত্র্য রক্ষার এই নীরব যোদ্ধাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা সময়ের দাবি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন