ছবি- সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, শেষ রাতে সমু চৌধুরীকে তার খালাতো ভাই অপুর কাছে হস্তান্তর করেছি। এসময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন সঙ্গে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাজারের পাশে একটি গাছের নিচে গামছা পরে সমু চৌধুরীর শুয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে গামছা পরা অবস্থায় সমু চৌধুরীকে দেখা যায়। পরে অবশ্য টাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে কথা বলতে শোনা যায়। এ অবস্থায় তাকে উদ্ধারের পর মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছেন স্থানীয়রা।
তবে সময় সমু চৌধুরী জানান, তিনি সুস্থ আছেন। সারারাত মাজারে ধ্যানে ছিলেন। বৃহস্পতিবার ভোরে একা একা হাঁটতে হাঁটতে পাশ দিয়ে বয়ে চলা ব্রক্ষপুত্র নদে গোসল করেছেন। গোসল করে গামছা পড়ে গাছতলায় শুয়ে ছিলেন। এরমধ্যে কে বা কারা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়।
এদিকে চিকিৎসক জানিয়েছেন, এই অভিনেতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। তবে সমু চৌধুরীকে কিছুদিন বিশ্রামে থাকতে পরামর্শ দেন চিকিৎসক।



