ছবি : সংগৃহীত
এবার ঈদুল আজহায় সিনেমা হল থেকে টেলিভিশন সবখানেই রাজত্ব চলবে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের। এবার ঈদে প্রেক্ষাগৃহে একটিই ছবি মুক্তি পাবে তার- রায়হান রাফীর ‘তাণ্ডব’। এতে শাকিবের সঙ্গে আরও দেখা যাবে সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, আফরান নিশোসহ অনেক তারকাদের।
ছোট পর্দার ঈদ আয়োজনেও বড় পর্দার সুপারস্টার শাকিব খানকে ছাড়া যেন চলেই না। টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে শাকিব খান অভিনীত প্রায় ১০০ সিনেমা ছবি।
এদিকে ঈদের টিভি পর্দায় চমক নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। বিটিভির জন্য নির্মিত দুটি বিশেষ ঈদ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। আলাদা দুই অনুষ্ঠানে শাকিবের সঙ্গী হয়েছেন তার দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।
প্রতি ঈদেই বিটিভিতে প্রচার হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের পর্বটিও তৈরি হয়েছে বর্ণিল আয়োজন নিয়ে।উপস্থাপনায় থাকছেন তিশা ও ইন্তেখাব দিনার। শকিব খান তিনি শুধু আলাপচারিতাই করবেন না, পারফর্মও করবেন তার হিট সিনেমা ‘তুফান’-এর গানের সঙ্গে। ঈদের রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে ‘আনন্দমেলা’।
এছাড়াও শাকিব অংশ নেবেন বিশেষ ‘ঈদ আড্ডা’য়। সঞ্চালনায় থাকবেন তার ‘তুফান’ সহকর্মী মাসুমা রহমান নাবিলা। কোরবানির ঈদ, ঈদের স্মৃতি ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে আসবে এই ঘরোয়া আড্ডায়।
আরএস/



