বলিউডে আরও এক শোকাবহ সংবাদ—৫৪ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয়, তবে মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পরিবারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি, তবে তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুল দেবের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মুকুল দেব ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই। তিনি প্রথমবার ছোট পর্দায় অভিনয় করেন ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক "মুমকিন"-এ বিজয় পাণ্ডে চরিত্রে। এরপর "দাস্তাক" সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।
তার মৃত্যুতে বলিউডের সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। সিনেমায় তার অবদান স্মরণ করে ভক্তরা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।



