পাঞ্জাবের একটি পুলিশস্টেশনে বোমা হামলা নিয়ে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ১৮-এর মঞ্চে প্রশ্ন করেছিলেন অমিতাভ বচ্চন এমন একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে পাঞ্জাবকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে অমিতাভ ও সোনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যটির সংগরুরের এক আইনজীবী।
ইন্দ্রজিৎ অরোরা নামের ওই আইনজীবীর দাবি, ভিডিওতে দেখানো প্রশ্নটি পাঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই ভিডিওটি জাতীয় সংবাদমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি, এটি সত্যিই অনুষ্ঠানের অংশ হলে অমিতাভ ও সোনি টিভিকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন তিনি।
আইনজীবীর ভাষ্য, তিন-চার দিন আগে তার এক মক্কেল ভিডিওটি ও কয়েকটি স্ক্রিনশট দেখান। সেখানে ১২ লাখ ৫০ হাজার রুপির প্রশ্নে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশস্টেশনে বোমা হামলা চালিয়েছে? বিকল্প হিসেবে ছিল উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব। ৫০:৫০ লাইফলাইন ব্যবহারের পর পাঞ্জাবকে সঠিক উত্তর ঘোষণা করেন অমিতাভ এমনটাই দাবি করা হয়েছে ভিডিওতে।
অরোরা বলেন, ‘আমার মনে হয়নি এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। বরং একটি রাজ্যের মানহানি করার সরাসরি চেষ্টা। এই কারণেই আমি সোনি টিভি এবং অমিতাভ বচ্চনকে আইনি নোটিস পাঠিয়েছি। ভিডিয়োটি জাতীয় সংবাদমাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছি। আর যদি এটি তাদের অনুষ্ঠানের অংশ হয়, তাহলে তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের জবাব পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন আইনজীবী।



