Logo
Logo
×

বিনোদন

১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে ১৫০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেল ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি ভারতেও ১০০০ কোটি রুপির বেশি গ্রস আয় করে ষষ্ঠ ভারতীয় সিনেমা হিসেবে এই রেকর্ড গড়েছে। 

গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটির শুরুটা কিছুটা ঢিমেতালে হলেও দীপাবলির ছুটির ইতিবাচক প্রভাবে দেশ ও বিদেশ—উভয় বাজারেই ঘুরে দাঁড়ায় ছবিটি। 

‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, ১৪তম দিনে ভারতে ছবিটির ২২,২৮৯টি শো থেকে নেট আয় হয়েছে ২৩.২০ কোটি রুপি। বিদেশের বাজার থেকে ১৪তম দিনে এসেছে ৮ কোটি রুপি। এর ফলে ভারতের বাইরের বাজারে সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৫১০ কোটি এবং বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১,৫১৯.০৫ কোটি রুপিতে। 

১৪তম দিনে ভাষাভিত্তিক আয়ের হিসাব অনুযায়ী, হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৬.৫০ কোটি রুপি (১৭,৬৬১টি শো)। এ ছাড়া মালয়ালম থেকে ২.১৫ কোটি, কন্নড় থেকে ১.৬৫ কোটি, তামিল থেকে ১.৬০ কোটি রুপি এবং তেলেগু থেকে ১.৩০ কোটি রুপি আয় করেছে ছবিটি। 

ভারতের ১০০০ কোটির ক্লাবে ষষ্ঠ ভারতীয় ছবি

‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মতো ব্লকবাস্টারের কাতারে নাম লিখিয়ে ভারতে ১০০০ কোটি রুপির বেশি আয় করা ষষ্ঠ ভারতীয় সিনেমা হলো ‘রামায়ণ’। চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর এটি দ্বিতীয় ভারতীয় ছবি, যারা এই মাইলফলক ছুঁল। এই তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো—‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭), ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর’।

এদিকে আগামী শুক্রবার বড় কোনো নতুন ছবি মুক্তি না পাওয়ায় বক্স অফিসে আরও ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে ছবিটির সামনে। 

প্রায় ৪,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় ও উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে ব্যাপক প্রচার চালানো হয়েছিল ছবিটির; এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করেন নির্মাতারা।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির তারকাবহরে রয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ আরও অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন