নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
বলিউডে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী কারিনা কাপুর খান। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে হাজির হয়ে বর্তমান প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে নিজেকেই দাবি করেছেন তিনি। স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতে কারিনার এমন মন্তব্য ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর চতুর্থ পর্বের টিজার প্রকাশ করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর। এতে অতিথি হিসেবে দেখা যাবে কারিনা ও সাইফকে। এর আগে ২০১০ সালে শোটির তৃতীয় সিজনে একসঙ্গে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ বিরতির পর তাদের আবারও এক মঞ্চে দেখা যাবে।
টিজারে করণ ও কারিনার মধ্যে বেশ কিছু মজার কথোপকথন উঠে এসেছে। অনুষ্ঠানটির শেষ সিজনে বারবার অতিথি হয়ে আসার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন কারিনা। এ সময় সাইফও মজা করে জানান, ঘনিষ্ঠ বন্ধুদের আড্ডায় নিজেকে কিছুটা বেমানান মনে হচ্ছে তার।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে কারিনার একটি মন্তব্য। বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে এক নম্বরে—করণ জোহরের এমন প্রশ্নে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন কারিনা। এ সময় সাইফও রসিকতা করে বলেন, অন্য অভিনেত্রীদের প্রশংসা করতেও কারিনার আপত্তি থাকা উচিত নয়।
অনুষ্ঠানের খেলাধুলার পর্বেও দম্পতির মজার মুহূর্ত দেখা গেছে। ‘কে’ অক্ষর দিয়ে শুরু হওয়া অভিনেতাদের নাম বলতে গিয়ে সাইফ হঠাৎ ‘কবিতা’ নাম উল্লেখ করেন। পরে বিষয়টি নিয়ে আরও রসিকতা করেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের ঘোষণা দেন করণ জোহর। অনুষ্ঠানের সঙ্গে নিজের ২২ বছরের পথচলার স্মৃতিও তুলে ধরেন তিনি।
করণ জানান, ২০০৪ সালে অনুষ্ঠানটির পরিকল্পনা বাবার কাছে তুলে ধরেছিলেন তিনি। তবে প্রযোজক যশ জোহর শুরুতে এর সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। বন্ধুদের কথোপকথন দেখতে দর্শকেরা কেন অর্থ ব্যয় করবেন, সে প্রশ্নও তুলেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে অনুষ্ঠানটি ভারতীয় বিনোদনজগতের অন্যতম জনপ্রিয় ও আলোচিত টক শোতে পরিণত হয়।
এবারের সিজনে ইতোমধ্যে সালমান খান, রাশমিকা মান্দানা, বিজয় দেবেরকোন্ডা, জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের মতো তারকারা অতিথি হিসেবে অংশ নিয়েছেন।



