Logo
Logo
×

বিনোদন

শরিফুল রাজকে আইনি নোটিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তিভঙ্গের অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে রাজকে এ নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার সজিব মাহমুদ আলম।

‘বরবাদ’ খ্যাত প্রতিষ্ঠানটির অভিযোগ, আগামী বছরের ঈদুল আজহার জন্য তাদের ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ। চুক্তি অনুযায়ী অগ্রিম অর্থও নিয়েছেন অভিনেতা। শর্ত ছিল, ওই সময়ে রাজের অন্য কোনো সিনেমা আসবে না। কিন্তু পরে ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় যুক্ত হয়েছেন রাজ, সেটিও আসবে ঈদুল আজহায়।

এ কারণে রাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি নির্ধারিত শিডিউল নিশ্চিত না করলে আইনি ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগেও ২ সেপ্টেম্বর একটি নোটিশ পাঠানো হয়েছিল রাজকে। সে সময় রাজ ও তার ম্যানেজার জানিয়েছিলেন, বিষয়টির সমঝোতা করে নেবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও শুটিং শিডিউল দেননি অভিনেতা।

এদিকে সম্প্রতি নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন শরিফুল রাজ। এর নির্মাতা জানিয়েছেন, এই সিনেমাও মুক্তি পাবে ঈদুল আজহায়। এক ঈদে রাজের তিন সিনেমা মুক্তির তোড়জোড়, এ নিয়েই ক্ষুব্ধ হয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার শাহরীন আক্তার সুমি।

তিনি বলেন, ‘শরিফুল রাজের সঙ্গে চুক্তিই ছিল, ঈদুল আজহায় মুক্তি পাবে, এমন কোনো সিনেমায় আর যুক্ত হতে পারবেন না। তিন মাস সময় নিয়ে জেনে-বুঝে চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য তাকে এক-চতুর্থাংশ সাইনিং মানিও দেওয়া হয়েছে। এরপর দেখলাম, তানিম নূরের একটি সিনেমায় কাজ করছেন, সেটিও ঈদে মুক্তি পাবে। গত পরশু শুনলাম, তিনি আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এক ঈদে যদি একজন নায়কের তিনটি সিনেমা মুক্তি পায়, তাহলে আমার সিনেমা তো ক্ষতির মুখে পড়বে।’

এ প্রযোজক জানান, ‘ঠিকানা’ সিনেমার গল্প সাজানো হয়েছে রাজকে মাথায় রেখে। তাকে ছাড়া অন্য কাউকে ভাবেননি নির্মাতারা। ইতোমধ্যে সিনেমাটির জন্য ৪০ লাখ টাকার মতো খরচ করে ফেলেছেন তারা। কিন্তু রাজ শুটিং শিডিউল দিচ্ছেন না। এ কারণেই তারা উপায় না পেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।

বিষয়টি নিয়ে শরিফুল রাজের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন