Logo
Logo
×

বিনোদন

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

সারা আলী খান। ছবি: সংগৃহীত

বলিউডে তারকাসন্তানদের অভিষেক নিয়ে বিতর্ক নতুন নয়। তবে তারকা পরিবারের সন্তান হলেই যে ক্যারিয়ারের প্রতিটি ধাপ সহজ হয়ে যায়, তা মানতে নারাজ অভিনেত্রী সারা আলী খান। তার দাবি, পারিবারিক পরিচিতি বলিউডে প্রবেশের সুযোগ করে দিলেও পেশাগত সংকট সামলাতে তাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়েছে। এমনকি প্রথম সিনেমা কেদারনাথ ঘিরে জটিলতা তৈরি হলেও পাশে পাননি কোনো ‘গডফাদার’। 

সারা বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। সম্প্রতি ফিল্মফেয়ার-কে দেয়া এক সাক্ষাৎকারে স্বজনপ্রীতি বা নেপোটিজম নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সারার মতে, তার পারিবারিক পদবি তাকে পরিচিতি ও সুযোগ দিয়েছে। তবে সেই সুবিধার কারণে নিজের পরিশ্রমকে ছোট করে দেখার বিষয়টি তিনি মেনে নিতে পারেন না।

সাক্ষাৎকারে সারা বলেন, নেপোটিজমের কারণে তার মতো তারকাসন্তানদের জন্য বলিউডে প্রবেশের দরজা খুলেছে, এ কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে কিংবা তিনি কেউই নিজেদের জন্মপরিচয় বেছে নেয়ার সুযোগ পাননি। তাই শুধু পারিবারিক পরিচয়ের কারণে তাদের পরিশ্রমকে উপেক্ষা করা উচিত নয় বলে মনে করেন অভিনেত্রী।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সারা জানান, তার বাবা কখনো সিনেমায় সুযোগ পাইয়ে দিতে প্রযোজকদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেননি কিংবা তাকে ছবিতে নেয়ার জন্য পরিচালকদের কাছে অনুরোধ জানাননি। কেদারনাথ সিনেমা নিয়ে সমস্যার সময়ও তাঁকে একাই পরিস্থিতি সামলাতে হয়েছে।

সারার ভাষায়, তারকাসন্তান হওয়ার সুবিধা যেমন রয়েছে, তেমনি এর নেতিবাচক দিকও আছে। ক্যারিয়ারের আট বছর পরও তাকে একই বিষয় ব্যাখ্যা করতে হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ দিয়ে বলিউডে অভিষেক হয় সারার। পরে সিম্বা, আতরঙ্গি রে, জারা হাটকে জারা বাচকে ও অ্যায়ে ওয়াতন মেরে ওয়াতন সিনেমায় অভিনয় করেন তিনি। তার সর্বশেষ সিনেমা উড়তা তীর বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।

সূত্র: এনডিটিভি 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন