দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। প্রথমবার ‘মৃত্তিকা মায়া’ এবং দ্বিতীয়বার ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। শুরুটা করেছিলেন মঞ্চনাটক দিয়ে।
বর্তমানে স্বামীর সঙ্গে জাপানে বসবাস করছেন তিনি। পূজা উপলক্ষে ইউরোপ ভ্রমণে বের হয়েছেন।
অপর্ণা ঘোষ বলেন, ‘সত্যি কথা বলতে, দেশের ভেতরে কাটানোর মতো পূজার উৎসব পৃথিবীর কোথাও পাব না। দেশের মতো সেই অনুভূতি কোথাও কাজ করবে না। বিদেশে ওই অনুভূতিটাই নেই, যা দেশের পূজার উৎসবে পাই।’
‘পূজার সময় এলেই দেশে কাটানো সময়গুলো ভীষণ মিস করি। পূজা মানেই নতুন পোশাক, মজার মজার খাবার। মায়ের হাতের খাবার ছিল অনেক মজার। মা বেঁচে নেই। মাকে প্রতিনিয়তই মিস করি। পূজার সময় বেশি মিস করি।’
অপর এক প্রশ্নের জবাবে অপর্ণা ঘোষ বলেন, ‘চট্টগ্রামে ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়জীবন পর্যন্ত কেটেছে। নিজের শহর নিয়ে অনেক স্মৃতি। পূজার স্মৃতি মানেই আনন্দের। পূজা মানেই উৎসব। আত্মীয়, বন্ধুসহ সবার সঙ্গে আনন্দ করে কাটাতাম। ওই দিনগুলো অনেক সুন্দর ছিল।’
এবারের পূজায় স্বামীকে নিয়ে ইউরোপ ট্যুরে বের হয়েছেন অপর্ণা ঘোষ। ঘুরবেন ৯টি দেশ। ইতোমধ্যে সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্স ঘুরেছেন। বাকিগুলো একে একে ঘুরবেন। ‘পূজায় ইউরোপ ট্যুরে বেরিয়েছি। স্বামী ও আমি মিলে সুন্দর সময় পার করছি। মোট ৯টি দেশ ঘুরব আমরা।’
‘ভ্রমণে অন্য রকম আনন্দ আছে। দারুণ একটা শান্তি কাজ করে। অনেক কিছু দেখা যায়, জানা যায়, শেখা যায়। সময়টা উপভোগ করছি। কিন্তু ফেলে আসা জীবন, অর্থাৎ ছোটবেলার পূজার মতো সোনালি দিন আর ফিরে পাব না। কী যে আনন্দ করতাম! কী যে ভালো লাগা কাজ করত! শারদীয় দুর্গাপূজার মতো চমৎকার সময় আর পাব না।’
সবশেষে অপর্ণা ঘোষ বলেন, সবার আশীর্বাদ চাই। ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন।



